Saturday, July 23, 2016

SCIENCE

মঙ্গল গ্রহে কী জন্মাবে?

 

এ যেন বৈজ্ঞানিক কল্পকাহিনি সত্যি হতে চলেছে। মঙ্গল গ্রহে গিয়ে বসবাস করতে ও টিকে থাকতে যে খাবারদাবার প্রয়োজন, এর পরীক্ষা-নিরীক্ষা নিয়ে শুরু হয়েছে তোড়জোড়। ২০৩০ সাল নাগাদ যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান নাসা মঙ্গলে নভোচারী পাঠানোর লক্ষ্য নির্ধারণ করলেও নেদারল্যান্ডসের উদ্যোক্তারা আরও আগেই সেখানে যেতে যেতে চাইছেন। সেখানে যাওয়ার লক্ষ্যেই পৃথিবীতে মঙ্গলের মাটির মতো মাটি তৈরি করে চাষাবাদ প্রক্রিয়া শুরু হয়েছে। 


গবেষকেরা বলছেন, মঙ্গল গ্রহের মাটিতে জন্মানো যেতে পারে টমেটো, মটরশুঁটি ও মুলার মতো শাকসবজি। সেখানকার মাটি যতই বিষাক্ত হোক না কেন, এসব সবজি তা থেকে বিষ আহরণ করে না বলে তা খাওয়ার জন্যও নিরাপদ।

 

 ওয়াগেনিজেন বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা গ্রিনহাউস পদ্ধতি ব্যবহার করে মঙ্গল গ্রহের মতো পরিবেশ তৈরি করেন এবং এতে উৎপাদিত চার রকমের সবজি নিরাপদ হিসেবে ঘোষণা করেছেন।
 

এ ধরনের মাটিতে ক্যাডমিয়াম, তামা ও সিসার মতো ভারী ধাতু থাকায় তা সবজিকে বিষাক্ত করে তুলতে পারে বলে এত দিন ধারণা করছিলেন গবেষকেরা। মোট ১০ ধরনের সবজির মধ্যে চার ধরনের সবজিতে কোনো বিষ পাননি। এর মধ্যে রয়েছে মুলা, মটর, রাই ও টমেটো। এর মধ্যে অ্যালুমিনিয়াম, তামা, লোহা, ম্যাংগানিজ, জিঙ্ক, আর্সেনিক, ক্যাডমিয়াম, ক্রোম, নিকেল কিংবা সিসার মতো উপাদান থাকলেও তা ক্ষতিকর হতে পারে—এমন স্তর পর্যন্ত পৌঁছায়নি।

 

 গবেষক উইগার উয়েমলিংক বলেন, ‘চমৎকার এই ফলাফল দারুণ আশাব্যঞ্জক। আমরা চার ধরনের সবজি খেতে পারি। এগুলোর স্বাদ চেখে দেখতে আমি উৎসাহী।’
এই গবেষক বলেন, যত বেশি সম্ভব ফসল উৎপাদনের বিষয়টি পরীক্ষা চালানো দরকার। এতে মঙ্গলে বসবাসকারীরা বিভিন্ন ধরনের খাবার খাওয়ার সুযোগ পাবে। এই সবজিগুলোর ভিটামিন ও অন্যান্য পুষ্টিগুণও পরীক্ষা করে ইতিবাচক ফল পাওয়া গেছে।


 

 যাঁরা ‘দ্য মার্শিয়ান’ চলচ্চিত্রটি দেখেছেন, তাঁরা মঙ্গল গ্রহের চাষাবাদপ্রক্রিয়া সম্পর্কে কিছুটা ধারণা পেয়েছেন। গবেষকেরা আশা করছেন, বৈজ্ঞানিক কল্পকাহিনি বাস্তব হওয়ার বিষয়টি আর খুব বেশি দূরে নয়।



 

DISCOUNT

এসারের ল্যাপটপে ছাড়


এসার অ্যাস্পায়ার ই৫-৪৭৩ ও ই৫-৫৭৩ মডেল দুটিতে মূল্যছাড়ের ঘোষণা দিয়েছে এসার ব্র্যান্ডের বাংলাদেশ পরিবেশক এক্সিকিউটিভ টেকনোলজিস লিমিটেড। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে চলছে গ্রীষ্মকালীন ল্যাপটপ মেলা। আজ রোববার ল্যাপটপ মেলার শেষ দিনে এসারের দুটি মডেলের ল্যাপটপে ৩ হাজার ৩০০ টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাচ্ছে।
এসারের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১৪ ইঞ্চি ও ১৫ দশমিক ৬ ইঞ্চি পর্দার এই ল্যাপটপ দুটিতে রয়েছে ইনটেলের পঞ্চম প্রজন্মের কোর আই থ্রি প্রসেসর, ৪ জিবি র‍্যাম ও ৫০০ জিবি হার্ড ডিস্ক। ছাড়ের পর ল্যাপটপের দাম ২৬ হাজার ৯০০ টাকা।
মেলায় আরও ছাড়
এবারের মেলায় গ্যাজেট গ্যাং সেভেন ক্রেডিট কার্ড গ্রাহকদের জন্য ১ হাজার ৯০০ টাকার তিন কিস্তিতে ৫ হাজার ৭০০ টাকায় থ্রিজি ট্যাবলেট বিক্রি করছে। মেলায় পাওয়ার ব্যাংক-সুবিধার পাখা পাওয়া যাচ্ছে ৪০০ টাকায়। মেলায় বিজয় ডিজিটাল ছোটদের জন্য সাড়ে আট হাজার টাকায় মিনি ল্যাপটপ বিক্রি করছে। এইচপি ল্যাপটপের সঙ্গে একটি ট্রেন্ড মাইক্রো ইন্টারনেট সিকিউরিটি এবং টি-শার্ট উপহার দিচ্ছে কম্পিউটার সোর্স। পাশাপাশি স্ক্রাচ কার্ডে পুরস্কার জেতার সুযোগ। অ্যাপলের ম্যাকবুকে পাঁচ হাজার টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাচ্ছে। লেনোভো ল্যাপটপ কিনলে গিফট কার্ড ও মডেলভেদে ৫ থেকে ১৫ হাজার টাকা পর্যন্ত ছাড় দিচ্ছে গ্লোবাল ব্র্যান্ড। এসার ব্র্যান্ডের ল্যাপটপে তিন হাজার থেকে পাঁচ হাজার টাকা ছাড়ের পাশাপাশি মডেলভেদে উপহার হিসেবে টি-শার্ট, মাউস, হেডফোন ও প্রিন্টার পাওয়া যাচ্ছে। অ্যাভিরা ইন্টারনেট সিকিউরিটির সঙ্গে ব্লুটুথ সেলফি স্টিক বিনা মূল্যে পাওয়া যাবে। মেলায় আসুস ব্র্যান্ডের ল্যাপটপ কিনলে স্ক্র্যাচ কার্ডে এসি, ফ্রিজের মতো উপহার ও ল্যাপটপের মডেলভেদে ৫০০ টাকা থেকে ১২ হাজার টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাচ্ছে। মেলায় স্মার্ট টেকনোলজিস ডেল ব্র্যান্ডের ল্যাপটপের সঙ্গে মডেলভেদে মাইক্রোম্যাক্স স্মার্টফোন, ম্যাজিক মগ দিচ্ছে। অ্যাপল, এইচপি এক্সেসরিজ, ডিলাক্স, এক্সট্রিম, পিএনওয়াই, কোরসেয়ার ব্র্যান্ডের ক্রেতারা ৫ থেকে ৩৫ শতাংশ পর্যন্ত মূল্যছাড় পাবেন।